ঝুমকো ফুল

মুশফিক হোসাইন

“শৈশবে ঝুমকো ফুল ছুঁতে গিয়ে/নাগিনীকে দেখে চমকে উঠেছিলাম/তবু বনমালীর চোখকে ফাঁকি দিয়ে/সেই ফুল পকেটে রেখেছি”/ কবির কবিতার মতো শৈশব থেকে ঝুমকো ফুলের প্রতি এক দুর্বার আর্কষণ আমাকে তাড়া করে বেড়ায়। ১৯৫৮ সালের কথা। চট্টগ্রাম পোর্ট কমিশন বাগানে (১নং জেটির কাছে) প্রথম দেখেছিলাম ঝুমকো লতার ফুল। পরবর্তীতে গভর্নর আজম খান উদ্বোধন করলেন পোর্ট ট্রাস্ট (১৯৬০ ইং)। তখনও দেখেছি, ছিঁড়েছি, বুকপকেটে রেখেছি। ফুলের সৌন্দর্য, রূপ আর গন্ধের জন্য এই ফুলের প্রেমে পড়ে যাই। তার রূপ-মাধুর্য আর আকুল করা ঘ্রাণ আজো আমাকে টানে। তাড়া করে বেড়ায়।

হয়তো তাই ‘অনেক অনেক দিন পর আজ/মধ্যাহ্নের এই বেলা সেই ফুলকে ছোঁয়ার জন্য/দুর্বাঘাসে রেখেছি পা;/ওগো বনমালিনীর মেয়ে আজও কি যাবে না ছোঁয়া?/’ জীবন-যৌবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজও আমি খুঁজে বেড়াই ঝুমকো ফুল। ১৯৯০ সালে প্রয়াত প্রফেসর কে এম নুরুল হুদা খোঁজ দিলেন প্রবর্তক সংঘের বাগানের। তাঁকেসহ বাগানে গিয়ে পেলাম দিলীপ বাবুকে। প্রবর্তকের শিক্ষিক এবং বাগান পরিচর্যাকারী। বালক আশ্রমের গ্রিলে বেড়ে ওঠা একটি গাছ। অনেকগুলো ফুল। চট্টগ্রাম বন গবেষণাগারে একটি গাছ আছে বলে জানা যায়। এছাড়া সাতক্ষীরা,
মাগুরা প্রভৃতি স্থানে দেখেছি ২/১টি গাছ।

jhumko-fulঝুমকো লতা লতানো উদ্ভিদ। ডালপালা-পাতা শক্ত ও দৃঢ়। পাতা গাঢ় সবুজ এবং করতল আকার। বোঁটা কিঞ্চিত খয়েরি। সাধারণতঃ ফুল ফোটে গ্রীষ্মে ও বর্ষায়। ঝুমকো ফুলের অনেক প্রজাতি আছে। এদের মধ্যে নীল রঙের সিরুলিয়া এবং লাল রঙের রেসিমোসা ও কারমেসিয়ানা দেখতে খুব সুন্দর। ফুল মাংসল এবং তাতে অনেক বীজ থাকে। আমাদের দেশে নীল রঙের ঝুমকো বেশি পরিমাণে দেখা যায়। সিরুলিয়া প্রজাতি কষ্টসহিষ্ণু ও দীর্ঘ প্রসারী। অন্য দুটি মধ্য প্রসারী। এদের আদি বাসস্থান ব্রাজিল। বংশ বিস্তার সাধারণতঃ দাবা কলমের মাধমে।

ঝুমকো ফুল দেখতে যেমন সুন্দর তেমনি ভারি মিষ্টি গন্ধ তার। মন মাতানো। প্রবীণরা বলতেন এই ফুলের সুবাসে সাপ আসে। জানি না ফুলের ঘ্রাণ সাপকে মাতাল করে কিনা। তবে আমি ঝুমকো লতায় জাত সাপ দেখেছি। হয়তো ঝোপে তার দিবা-নিন্দ্রা ভালো হয়।

ঝুমকো ফুলের কেশরদন্ত হালকা ঘিয়া। ফুলে অজস্র পাঁপড়ি বেগুনি রঙের। দেখতে কানের দুলের মতো। পাঁপড়ি দলের উপর একতলা ভবনের মতো উঠে আছে পংকেশর। আর দোতলায় থাকে গর্ভাশয়। উচ্চভূমি ও পাহাড়ি এলাকায় বেশি জন্মে। তবে যেখানে এখনো মানুষের হাত লাগেনি সে সমস্ত এলাকায় অদ্যাবধি টিকে আছে এই উদ্ভিদ। তবে বিলুপ্তির পথে। শুধুমাত্র পুষ্পপ্রেমিকরা টিকিয়ে রেখেছেন। এক সময় বাংলাদেশের উঁচু প্রায় সকল এলাকায় দেখা যেত। চট্টগ্রামের আগ্রাবাদস্থ জাতিতাত্ত্বিক যাদুঘরের বাগানে কয়েকটি গাছ আছে। বর্ষার আগেই ফুল এসেছে। এদের একটি ব্যণিজিক প্রজাতি আছে। যার নাম প্যাশন ফ্লাওয়ার (PASSI FLORA FOETIDA) যা থেকে ট্যাং জাতীয় পানীয় প্রস্তুত হয়। তবে বাংলাদেশে এর বাণিজ্যিক উৎপাদনের তথ্য নেই। আমাদের আলোচ্য ঝুমকো ফুলের বৈজ্ঞানিক নাম (PASSI FLORA LINN).
ঝুমকো ফুল আমাদের মাটি ও পরিবেশের সাথে মিশে গেছে। আসুন আমরা ঝুমকো লতা গাছ লাগাই, পরিচর্যা করি। আসুন, পরিবেশে ওদের বাঁচিয়ে রাখার উদ্যোগ নিই, এর সৌন্দর্য উপভোগ করি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ