ইমেল নাঈমের কবিতাগ্রন্থ ‘দুরবিন চোখ’ এর সাতটি কবিতা

কবি ইমেল নাঈম
কবি ইমেল নাঈম

টক শো 

লাইট, ক্যামেরা, একশন বলা মাত্র টিভির পর্দা ছিঁড়ে শুরু হয়ে গেলো সার্কাসপার্টি। হাস্যোজ্বল উপস্থাপক এগিয়ে দিলেন দাবার ঘুটি ডানে। আলোচক বলেই যাচ্ছেন টিয়া পাখির মুখস্থ করা নামতা। বাম প্রান্ত দিয়ে প্রতিউত্তরে ক্ষোভ আর শ্লেষ ভেসে আসে। মাঝের জন বারবার থামিয়ে দেন আর মিটিমিটি হাসেন।

কার আছে কতো জোর, তা নিয়ে টেবিল চাপড়ে চলেছেন ক্রমান্বয়ে। খানিকটা উত্তাপ বাড়লেই আসছে বিজ্ঞাপন বিরতি।

ও’দিকে বিরামহীন পুড়ছে আটষট্টি হাজার গ্রাম, ভাতের দাম বাড়ছে ক্রমান্বয়ে…না খেয়ে মরেই গেলো কোন এক রহিমুদ্দিন। ঘরছাড়া হলেন গ্রাম্য নাপিত হরি রঞ্জন। গ্রাম্য সালিশি ব্যবস্থায় বলীর পাঠা হয়ে গেলো মাত্র পেকে ওঠা কৈশোর। মাওলানারূপী ভণ্ডটা ধর্মের নামে চালিয়ে দিলো ব্যবসা। চতুর শিয়ালটা খেয়ে দিলো কৃষকের নির্মল হাসি।

এভাবেই তর্কের খাতায় বাড়ছে একেকটি পর্ব। এদিকে বিলীন হচ্ছে সোনালী অধ্যায়। তবুও অনুষ্ঠান শেষে উপস্থাপকের সহাস্যমুখে বলে বসেন আগামী দিনের অনুষ্ঠানের আগাম নিমন্ত্রণ।

email-3অন্যরকম যাত্রা

তোর আকাশ প্রিয় বলেই পানিতে ভেসে গেলি বড্ড অসময়ে। ওই কালো চোখে কোন স্বপ্ন নেই, যেটুকু আর্দ্রতা দিয়ে ঘিরে রেখেছিলো কালো মণি তাতে ভেসে ওঠে একটি পরিবার, একটি জীবন যুদ্ধের সারসংক্ষেপ। বলেছিলি কোন মতে আকাশ পাড়ি দিলেই পেয়ে যাবি নতুন জীবন।

কেউ একজন তোর কাঁধে হাত রেখে বলেছিলো, কেউ দু বাহু আলিঙ্গনে বলেছিলো কিছু কথা, আর একটা লজ্জাবতী ফুল আঁচলের ফাঁক গলে ঠিকই দেখেছিলো তুই হারিয়ে যাচ্ছিস চিরপরিচিত জায়গা ছেড়ে ভিন্ন গোলকে।

এরপর তুই নিজেই উঠে বসলি নৌকায়। তারপর অর্ধাহার কিংবা অনাহারে অন্যরকম জীবন । নৌকারোহী কঠিন চোয়ালের লোকটি মাঝে মাঝে পিঠে বসিয়ে দেয় কয়েক ঘা। হাত পায়ের এমন ব্যবহার সহ্য করে হাঁপিয়ে পাড়ি দিচ্ছিলি নীলচে ঢেউ।

খুব অভিমানী ছিলি বলেই প্রতিদিনের পরাজয়কে হারিয়ে দিলি একদিনেই। পত্রিকার পাতায় এলো তোর ছবি। বিকৃত মুখ, তরলে গিলে ফেললো সবটুকু কোমলতা। আকাশ ভালবাসতি বলেই তারাদের সাথে পেতে নিলি বন্ধুতা। চেয়ে দ্যাখ, বঙ্গোপসাগরের নীল জলে তোর মত অনেকেই আকাশ ভালবেসেছে দুবেলা আহারের খোঁজে।

এই শহরের মানুষেরা

পুড়ে যাওয়া শহরে যথা সময়ে আসে ফাগুন কিংবা ভালবাসার উৎসব। তুমিও খোলসের ভিতরেই করে চলো অনেক স্বপ্নের চাষবাস। হলুদে রাঙিয়ে ফেলো নিজেকে, আর ভরদুপুরে প্রিয় মানুষের হাতে রাখো হাত। স্বচ্ছ জীবনের দ্বিমাত্রিক অঙ্গনে আর কোন অবশিষ্ট ছায়া নেই।

পুড়ে যাওয়া শহরে কিছু মানুষ এখনো নিঃসঙ্গ। তারা সকাল সাঁঝে কবিতা লেখে, চা খায়, পাড়ার দোকানে বেনসন আর গোল্ডলিফ পোড়ায়। বন্ধুরা মিলে হৈচৈ করে, দল বেঁধে খেলতে যায় অচেনা কোন খেলা। আবার নতুন কোন মেয়ে দেখলেই আলোচনা কিংবা সমালোচনায় মেতে ওঠে। জীবন আর জীবীকার টানাপোড়নে নিষ্পেষিত হতে থাকে এই মুখগুলো।

কিছু মানুষ স্বপ্ন দেখে না। শুধু লড়ে চলে অবিরাম। সকাল থেকে সাঁঝ অবধি দৌড়ে চলে মাত্রাহীন। কিছু মানুষের জীবনের হাসি ফুটিয়ে আনার জন্য বিসর্জন দিয়ে দেয় কেউ। তারা জানে না জীবনের পথে গাল বেয়ে ঝড়ে পড়া অশ্রু কণাগুলো কষ্টের নয় শিশিরের মতো মোলায়েম, আনন্দদায়ক আর অর্থহীন সুখের মতোই ঐশ্বর্য সমৃদ্ধ।

email-4উনসত্তর টাকার সংসার

উনসত্তর টাকাতেও সংসার পাতে কিছু মানুষ। সময় পেলেই চোলাই মদ খায়, খায় গাঁজার মতো মায়াবী তামাক। রাত যৌবন পেলেই মাতলামো করতে করতে ফিরে ঘরে। চাল নেই, তরকারী নেই। নেই চুলো ধরাবার প্রয়োজন। ক্ষুধা পেলে চা পাতাকে জ্বাল দিয়ে রস খায়, বড্ড তেঁতো সে স্বাদ।

প্রতিদিন সকালে লাইনে দাঁড়ায়। সর্দার কাজ বুঝিয়ে দিলেই শুরু সকালের অধ্যায়। কাজ আর মাঝে খাবারের বিরতি দিয়ে বিকালের খাবার। আবার সিরিয়ালের লাইন, ডাকের অপেক্ষা। অপেক্ষা আরও এক উনসত্তর টাকার।

কেউ কেউ দাঁড়ায় অন্য এক লাইনে। ডাক্তারের অফিস বরাবর। হাতুড়ে ডাক্তার সমস্যা শুনে লেখে দেয় স্লিপ। এই স্লিপ পেলেই কাজ মকুফ। ঘরে বসেই পেয়ে যাবে উনসত্তর টাকা। ধর্মীয় উৎসব নেই খুব একটা, যা আছে তাতেই উৎসবের খামতি নেই।

এদের আকাশ খুব ছোট। যেটুকু দৃশ্যমান তাতে কোন স্বপ্ন নেই। নিয়ম ভাঙার কোন প্রবণতা নেই। এদের আকাশ দেখতে মানা। কাউ ছুঁয়ে দেখে নি সে আকাশ। তারা ঘাড় উঁচু না করার অপরাধে জানতে পারবে না পৃথিবীর বাইরেও অন্য এক পৃথিবীর অস্তিত্বের কথা।

বাণিজ্যিক পঞ্জিকা

দিবসের অভাব নেই। পঞ্জিকার পাতা জুড়ে ঝুলছে বিজ্ঞাপন। বেনিয়াদের চোখ জুড়ে রঙ্গিন চশমা। কাবুলিওয়ালারা বেঁধে দিয়েছে চোখ নতুন মোড়কে। কানের পাশে বাজছে চিরচেনা সেই কীর্তন। পঞ্জিকার পাতা উল্টাও আর সেই অনুযায়ী সাজাও পশরা। কোন সাড়া শব্দ নেই। যদি কোন বিপরীত শব্দ ভেসে আসে, তাকে রুদ্ধ করো, স্তিমিত করে দাও।

আধুনিকতার নাম জুড়ে দাও বাণিজ্যের সাথে। দেখবে ফুল বিছানো পথ হা করে আছে। টাকার অংকে মাপো সবকিছু। সম্পর্ককে দাঁড় করাও নিখুঁতভাবে তার সমান্তরালে। মেধা নয় , মূল্যায়ন করো অন্য কিছু। যোগান আর চাহিদা রেখার সমন্বয় ঘটাও, নইলে বাণিজ্যে বিপুল ক্ষতি মুখিয়ে আছে হিংস্র বাঘের মতো।

নীতিকথারা ধারাপাতের মাঝেই থাক, পাঠশালাকে জানাও ছুটি। ওগুলোকে মাথায় এনো না। দিবস দেখে ঠিক করে নাও বাণিজ্যিক পরিকল্পনা। গোলাপ বিক্রি করো, বিক্রি করো চকোলেট, পুতুল থেকে শুরু করে বেচাকেনা করো ভালবাসার। মানুষকে বানাও পণ্য, তাকে নিয়েই শুরু হোক তোমার বাণিজ্য বহর।

পঞ্জিকার পাতায় লাল কয়ালিতে লেখে রাখো বৃত্ত। দিনের সাথে মিলিয়ে রাখো বাণিজ্যিক উপাদান। গরীব নিঃস্ব হোক, পণ্য হোক নারী, বৃদ্ধ, পুরুষ বা শিশু। শুভ হোক এই পঞ্জিকা বর্ষ। এখন তো তোমার বাণিজ্যেরই সময়।

email-2অদৃশ্য কিছু শব্দকে

খুব ইচ্ছে করে এরিস্টটল কে কষে একটা চড় মারি, লেলিন কে নতুন করে ভর্তি করে দিই প্রাথমিক বিদ্যালয়ে। দিস্তার পর দিস্তা লেখেই গেলো মানুষের কল্যাণে, যেগুলো একে একে ঠাই করে নিয়েছে মিউজিয়ামে। আমি কতো করে খুঁজেছিলাম ওই নৈতিক শব্দগুলোকে এই পথে। অথচ দেখি এই শহরে কুকুর আর মানুষের অদ্ভুত সহবাস। একই বিছানায় শুয়ে থাকে খোলা আকাশের নিচে। জীর্ণ পোশাক খুলে বেরিয়ে যায় শরীরের কিছু অংশ, ময়লা উষ্কখুষ্ক চুল। রাস্তার পাশে ময়লার ঝুড়িতেই খায় তারা একে অপরের সাথে ভাগে যোগে।

কিছুকিছু কুকুর তো সৌভাগ্যবান। ঠাণ্ডা শীতল রুমে চকলেট খায়, নরম বিছানায় ঘুমায়। পেট খারাপ হলে ডাক্তারের চেম্বারে যায়। মালিকের গা ঘেঁষে লেজ নাড়ায়। মালিকটিও অবসর কাটাতে চলে যায় নায়াগ্রা কিংবা প্যারিস। পশ্চিমা দিবসের ফাঁক ফোকরে বিশেষ কোন বন্ধুর সাথে গিলতে বসে ওল্ড মংক।

হয়তো তার গৃহপরিচারিকা কয়েকদিন খায় নি সাদা ভাত, মাংসের ঝোল। তরকারির লবণের কম বেশিতেই তার শরীরের উপর বয়ে যায় শরীরের উপর টর্নেডো। ওইসব মানুষের কাছে মূল্যহীন হয় ভাষা দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত সবকিছুই। তাদের শরীরের কোথাও দেশ নামক শব্দটিকে খুঁজে পাওয়া যায় না। যায় না মা নামের মায়াবী শব্দটিকেও।

লাইট…ক্যামেরা… অ্যাকশান…

লাইট…ক্যামেরা…অ্যাকশান… তিনটি শব্দই যথেষ্ট তোমার চরিত্র নির্ণয়ে। পদ পেলে ভুলে যাও নৈতিক শিক্ষার আসর। ভুলে যাও ফেলে আসা অতীতের মন্ত্রপাঠ। নৈতিকতা শব্দটা লুকিয়ে ফেলো সমাজ বইয়ের আড়ালে। বাংলা ব্যাকরণ খুঁজতে গিয়ে বারবার মনে পড়ে বঙ্গানুবাদ। বইয়ের ভাজে ভাজে রয়ে যাওয়া গ্রামীণ মলাট। শুকিয়ে যাওয়া প্রতিটি পাতার আদ্রতা। হারিয়ে যায় লোভের আগুনে।
বিজ্ঞাপন আর প্রচারের আড়ালেই লুকোচুরি বাণিজ্য, সরকারী কোষাগার লুট হয়ে যায় মধ্য দুপুরে। তোমার হিসেবটুকু বুঝে নাও হার্ড ক্যাশে। বাকি যত লেনদেন সবটাই চলে অংক কষে। অংক কষে বলে দাও কে কত সুবিধা পাবে, কেইবা নিবে কতটুকু। বাম হাতের কামাইয়ে গড়ে তোল অট্টালিকা সম্পদ, বিলিয়ে দাও তা আবার অর্ধাঙ্গিনীর নামে। ধরা পড়ার কোন ভয় নেই। রাতের আঁধারে কড়া পানীয়জলে খুঁজে নাও নৈশকালীন সুখ।

টাকা দিয়েই কেনা যায় পৃথিবী। কিনে ফেলো তুমি রাতের আঁধার, সুশীল সমাজ আর হলুদ বর্ণের সব অর্থপিপাসু প্রিন্ট কর্মী। তাই তোমার কোন ভয় নেই, ভয় নেই ধরা পড়ার। গলায় ঝুলিয়ে নামফলক তুমি খালি করে দাও রাজ্য কোষ।

লাইট…ক্যামেরা… অ্যাকশান….এই তিনটি শব্দেই তুমি অনন্য হতে পারো রূপালী পর্দার চাকচিক্যময় আহবানে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ