‘জিয়ার কবর সরানোর পরিকল্পনা দুঃস্বপ্ন’

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো পরিকল্পনা দুঃস্বপ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, ‘চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা “এটা হবে দুঃস্বপ্ন। বুঝতেছি আপনাদের নেতার (শেখ মুজিবুর রহমান) মাজার অনেক দূরে। তাহলে এটা সরাতে হবে কেন?  তার কবর ঢাকায় নিয়ে আসেন। দয়া করে এসব ষড়যন্ত্র বন্ধ করুন। এখনও দেশের অনেক কাজ বাকি। সেদিকে মন দিন।”

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত চিকিৎসক সমাবেশে নজরুল ইসলাম এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে সভাপতিত্ব করেন ড্যাবের সহ-সভাপতি ডা. রফিকুল কবির লাবু।

নজরুল ইসলাম আরো বলেন, “জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। শুধু তাই নয়, যে দল তার আদর্শ ধারণ করে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। রাষ্ট্রকে ব্যবহার করে আইন দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানির চেষ্টাও সবাই দেখছে।”

জিয়াউর রহমান সম্পর্কে নানা বক্তব্য তুলে ধরে নজরুল ইসলাম বলেন, “দেশের প্রয়োজনে নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কাউকে বিপদে ফেলার জন্য নয়। কেউ তখন দায়িত্ব নেয়নি। পরবর্তী সময়ে দেশের স্বার্থ বিবেচনা করে তৎকালীন আওয়ামী লীগের প্রধান ও নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ নেতার নামে জিয়া পুনরায় ঘোষণা দিয়েছিলেন। তিনি সম্মুখযুদ্ধে সমরে অংশ নিয়ে লড়াই করেছেন। অংশ নিয়েছিলেন। অথচ যারা যুদ্ধে অংশই নেয়নি তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হেদায়েত করছেন।”

আওয়ামীপন্থি বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, “তাদের যুদ্ধে যাওয়ার বয়স ছিল, তবুও যুদ্ধে যায়নি। যারা ইসলামিক দলের ব্যাচ পকেটে নিয়ে ঘুরেছেন তারা এখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন। তাদের তো লজ্জায় মুখ লুকানোর কথা। কারণ বয়স হওয়ার পরও মুক্তিযুদ্ধ করেননি। আবার তারা ৭১’র চেতনা বাস্তবায়নের কথা বলেন। ৭১’র চেতনা তো গণতন্ত্র কিন্তু গণতন্ত্রকে তো গলা কেটে হত্যা করা হয়েছে।”

জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলে ক্ষমতাসীন দলের কতিপয় নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, জিয়াউর রহমান যদি পাকিস্তানের এজেন্ট হয় তাহলে তাকে যিনি বীরউত্তর খেতাব দিয়েছেন তিনি কী? আসলে এসব নেতা অন্যকে খাটো করতে গিয়ে যে নিজেদের নেতাকে ছোট করছেন তাও খেয়াল করছেন না। অথচ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কখনও শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে কথা বলেননি।

গণতন্ত্র আইসিইউতে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘গণতন্ত্র এখন মৃত্যুপ্রায়।মরে যায়নি। কারণ যে পরিচয় হোক সংসদে কথা বলছে। পত্রিকা-টেলিভিশনে তা প্রচারও হচ্ছে। তাই আসুন সবাই মৃত্যুপ্রায় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে একসঙ্গে কাজ করি।’

একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্য দেয়া দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সমালোচনা করেন। এসময় তিনি মুক্তিদুদ্ধে শহীদদের সঠিক পরিসংখ্যান না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বলেছেন সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।’

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ‘প্রত্যক্ষ ভূমিকা’ ছিল না দাবি করে তিনি বলেন, “মরহুম শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখেননি। কীভাবে যুদ্ধ হয়েছে তিনি তা-ও দেখেননি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা নেই তাদেরকে জোর করে জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক বানাতে চান, তাহলে আপনার র‌্যাব পুলিশ দিয়ে অনেককে গ্রেপ্তার করাতে পারেন, মানিকদের মতো বিচারকদের দিয়ে ইতিহাসের পাতা পাল্টে দিতে পারেন, কিন্তু মানুষের হদয়ের মধ্যে যে ইতিহাস রচিত আছে আপনি হুমকি দিয়ে, আদালতের নির্দেশ দিয়ে কখনও সেটা মুছে দিতে পারবেন না।”

এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাব নেতা অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন, অধ্যাপক ডা. আবদুল মান্নান, ড্যাব মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. আবদুস সালাম, অধ্যাপক ডা. রফিক আল কবির, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ