আর্থনিউজ২৪ : জিম্বাবুয়েকে ২৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের শতক ও সাব্বির রহমানের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়েছে ২৭৩ রান সংগ্রহ করেছে মাশরাফির দল।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। এল্টন চিগুম্বুরা। শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মাশরাফিবাহিনী। দলীয় ৩০ রানে মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে জিম্বাবুয়েকে এগিয়ে নেন তিনাশে পানিয়াঙ্গারা।
তবে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলের রান যখন ঠিক ১০০ তখনই আঘাত হানেন সিকান্দার রাজা। ৬৮ বলে ৪০ রান করা তামিমকে ফিরিয়ে বিপদে ফেলে দেন টাইগারদের। এরপর সাকিবও দ্রুত ফিরে গেলে হাল তরুণ সাব্বিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মি. ডিপেন্ডেবল। ৫ম উইকেট জুটিতে ১১৯ রান যোগ করে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন মুশফিক-সাব্বির। ৫৮ বলে ৫৭ রান করে রান আউটের শিকার হয়ে সাব্বির ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন মুশফিক। ১০৯ বলে ১০৭ রান করে তিনিও ফিরে যান দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে। শেষের দিকে মাশরাফি ও আরাফাত সানির ছোট দুটি ক্যামিওতে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাশরাফি ৮ বলে ১৪ ও সানি করেন ৮ বলে ১৫ রান। তাউরাই মুজারাবানি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট।
জয়ের জন্য সফরকারীদের দরকার ২৭৪ রান। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ জিম্বাবুইয়ানরা কি পারবে টাইগারদের ডেরা থেকে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে লিড নিতে!























