একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরে প্রধান জল্লাদের কাজটি করবেন মো. শাহজাহান ভূঁইয়া। জেলখানায় তাকে ‘জল্লাদ শাহজাহান’ নামেই চেনেন সবাই। এখন পর্যন্ত ৪৫ জনের ফাঁসি কার্যকরে জল্লাদের কাজ করেছেন তিনি।
১৯৭৯ সালে আটক হওয়ার আগে-পরে তার নামে সর্বমোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং ৩৪টি হত্যা মামলা। ১৯৮৮ সালে তার যাবজ্জীবন সাজা হয়। এরপর ১৯৯৫ সালে তার ১৪৩ বছরের সাজা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে ১০০ বছর সাজা মাপ শেষে ৪৩ বছরের কারাদণ্ড বহাল থাকে। জেল থেকে বের হওয়ার তারিখ হিসেবে শাহজাহানের জেল কার্ডের ওপর লেখা আছে, ‘ডেট অব রিলিজ ২০৩৫’।
৩৬ বছর ধরে কারাবন্দি অবিবাহিত শাহজানান এ পর্যন্ত ৪৫ জনের ফাঁসির দণ্ডে জল্লাদের কাজ করেছেন। উল্লেখযোগ্য ফাঁসিগুলো হলো : ২০১০ সালের ২৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ। ২০০৭ সালের ২৯ মার্চ কাশিমপুর ও ময়মনসিংহে জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানী, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও ইফতেখার মামুন। ২০০৪ সালের ১০ মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদারের ফাঁসি। ২০০৪ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি এএসআই মইনুল হক ও আবদুস সাত্তারের ফাঁসি।
শাহজাহানের অপরাধজগতে প্রবেশের পেছনে কাজ করেছে একটি নারীঘটিত ঘটনার সালিশ। নারীঘটিত ওই ঘটনার পর শাহজাহান ভূঁইয়া বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান। কমিউনিস্ট পার্টির আন্ডারগ্রাউন্ড অপারেশন চালাতেন তিনি। ১৯৭৯ সালে মাদারীপুরে অপারেশন শেষ করে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার মানিকগঞ্জে রাতভর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় শাহজাহানের দলে। শাহজাহান ঢাকায় পৌঁছে নরসিংদীর উদ্দেশে রওনা হলে পথে পুলিশ তাকে আটক করে।
তিনি কারাগার থেকে মুক্তি পাবেন তখন তার বয়স হবে ৮৫ বছর। এ জন্য সাজা কমানোর উদ্দেশ্যে জল্লাদ হিসেবে নাম লেখান তিনি। কেননা একটা ফাঁসিতে দুই মাস চার দিনের সাজা কমে।
১৯৮৯ সালে প্রথম সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ে নুরুল ইসলামকে ফাঁসি দেন শাহজাহান। ওটাই ছিল শাহজাহানের জীবনে কারাগারে কাউকে প্রথম ফাঁসি দেওয়া। আট বছর পর ১৯৯৭ সালে তিনি প্রধান জল্লাদ হন।
১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ থানার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে শাহজাহানের জন্ম। বাবার নাম হাসান আলী ভূঁইয়া। মায়ের নাম সবমেহের। শাহজাহানরা তিন বোন, এক ভাই। তিনি ১৯৭৪ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর যোগ দেন সেনাবাহিনীতে। সেখানে ১১ মাস অনুপস্থিত থাকায় তার চাকরি চলে যায়।
এরপর রাজনীতি থেকে অপরাধ জগতে জড়িয়ে পড়েন শাহজাহান।





















