বছরের যেকোনো সময় ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। বর্ষাকালে এ পরিস্থিতি হয় আরও ভয়াবহ। সম্প্রতি টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দীর্ঘ সময় পানি জমে থাকায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। যা নগরবাসীর জন্য তৈরি করেছে সীমাহীন ভোগান্তি। এ সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদে এলো বান; কবির ভাষায় বৃষ্টিতে নদীতে বান আসলেও আজকাল বৃষ্টিতে ঢাকার রাস্তা-ঘাটেও যেনো বান ডাকে। সামান্য বৃষ্টিতে নগরীর রাস্তায় পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মাথার উপর বৃষ্টি আর রাস্তায় অথৈ পানির মধ্য দিয়ে চলতে গিয়ে এখন ভোগান্তি নগরবাসীর নিত্যসঙ্গী।
নগরীর বেশিরভাগ রাস্তার ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় বৃষ্টি থামার পরেও পানি কমতে দীর্ঘ সময় লাগে। ফলে, রাস্তায় তৈরি হয় ছোট ছোট গর্ত। এ ধরনের সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকায়ন করে সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ দিলেন নগর পরিকল্পনা বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘নগরীর যেখানেই রাস্তা-ঘাট তৈরি করা হয়, সেখানে যেনো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে। সবচেয়ে বড় কথা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই নগর পরিকল্পনা করতে হবে।’
পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনকে এক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।





















