ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া আর নেই। দীর্ঘদিন হৃদরোগে ভোগার পর কলকাতার বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা গেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু ছিলেন। এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে হার্ট-অ্যাটাক হয় ডালমিয়ার। এরপর তাঁকে কলকাতার বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউতে) রাখা হয়েছিল। রোববার সকাল থেকেই তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
এনডিটিভি জানায়, ডালমিয়ার মৃত্যুসংবাদ পেয়েই হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। চলতি বছরের মার্চ মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ডালমিয়া। এর আগে ২০০১ থেকে ২০০৪ এবং ২০১৩ সালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।























