চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আজ বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে জরুরি সভার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর চৌধুরী এ ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

ফজলুর রহমান বলেন, গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এ নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা বলেন, আজ বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে ও রোববার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।  এরই মধ্যেই বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে লোহা, রড, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ