চাল, চিনি, সারসহ ৬ টি পণ্য প্লাস্টিকের মোড়ক নিষিদ্ধ

৩০ নভেম্বরের পর চাল, চিনি, সারসহ ৬ টি পণ্য বাজারজাতকরণ কিংবা পরিবহন সবক্ষেত্রেই প্লাস্টিকের মোড়ক নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সরকারি বেসরকারি পাটকলগুলোকে আগামী এক মাসে ১০ কোটি পাটের বস্তা তৈরির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

যদিও, বিজেএমসি বলছে, চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি বস্তা তৈরির সক্ষমতা রয়েছে সংস্থাটির। অন্যদিকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পাটকলগুলো আবারো পুরনো চেহারায় ফিরবে বলে আশা পাটকল শ্রমিক কর্মচারীদের।

২০১০ সালে আইন করে দেশের বাজারে নিষিদ্ধ করা হয় সার, চিনি, চালসহ ছয়টি পণ্যে প্লাস্টিকের মোড়কের ব্যবহার। যা কার্যকর হওয়ার কথা ছিল ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু বেধে দেয়া সময় প্রায় দেড় বছর পেরলেও আইনটি সীমাবদ্ধ রয়ে গেছে কাগজ কলমের মধ্যেই।

তবে সম্প্রতি পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যেই আসছে ডিসেম্বরের প্রথম দিন থেকেই দেশের বাজারে প্লাস্টিকের মোড়ক নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে পাটশিল্প বাঁচানোর পাশাপাশি বাজারে পাটের তৈরি পণ্য আরো জনপ্রিয় করাটাই সরকারের মুল লক্ষ্য বলে জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তবে বাংলাদেশ পাটকল কর্পোরেশন-বিজেএমসি বলছে, শুধুমাত্র চাহিদা পূরণ নয় তাদের লক্ষ্য অতিরিক্ত উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিমাণ বাড়ানো। এদিকে, দীর্ঘদিন ধরে কর্মহীন পাটকল শ্রমিকরা সরকারের এমন সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, অন্তত এবার পাট শিল্প ঘুরে দাঁড়াবে বলেই আশা তাদের।

আইনে নির্দিষ্ট পণ্যগুলোর ক্ষেত্রে পাঁচ কেজির বেশি মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের মোড়ক ব্যবহার করতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল জরিমানার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম বন্ধেরও পদক্ষেপ নেবে সরকার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ