সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। রবিবার বেলা সাড়ে ১১টায় চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণা করা হবে।
গত ২৭ অক্টোবর যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।
বিচার শুরুর এক মাসের মধ্যে আলোচিত এই মামলার রায় প্রদানের তারিখ নির্ধারিত করা হয়। গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল।
মামলার ১৩ আসামির মধ্যে ১১ আসামি গ্রেপ্তার রয়েছে। শামীম আহমদ ও পাভেল নামে বাকি দুইজন পলাতক রয়েছে।
কামরুল ছাড়াও গ্রেপ্তার বাকি আসামিরা হলেন- মুহিদ আলম, আলী হায়দার, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ২৪ সেপ্টেম্বর মামলার চার্জশিট আমলে নেন আদালত। ১ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরবের জেদ্দায় আটক করে সেদেশের পুলিশের হাতে তুলে দেয় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
সৌদি আবরের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি না থাকায় পরে ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে আনা হয় ।





















