চলতি ২০১৫-১৬ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে চূড়ান্ত করেছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর বৈঠকে জিডিপি প্রবৃদ্ধির এই হার চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি একথা বলেন বলে সভা সূত্রে জানা গেছে। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জিডিপির (মোট অভ্যন্তরীণ উৎপাদন) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৫ এবং মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। আগে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলার। এ অর্জন ১৬ কোটি মানুষের অর্জন উল্লেখ করে পুরো দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি’র লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যেকোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ০৬ শতাংশ।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ অর্জনের জন্য দেশের ১৬ কোটি মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিন মাস পরে যখন চূড়ান্ত ফলাফল দেওয়া হবে তখন জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় আরও বাড়বে। জিডিপি প্রবৃদ্ধি কমপক্ষে ৭ দশমিক ১ শতাংশ হবে’।
























