চট্টগ্রামে জাল নোট তৈরির মেশিন ও জাল নোটসহ আটক ১

আর্থনিউজ২৪,চট্টগ্রাম: জাল নোট তৈরির মেশিন, এক লক্ষ টাকার জাল নোটসহ সৌরভ বিশ্বাস (২৫) নামে এক একজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতের দিকে তাকে আটক করা হয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল আলম জানান, চান্দগাঁও থানার চর রাঙামাটিয়া এলাকায় মক্কা হোটেলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৌরভকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ল্যাপটপ আকৃতির একটি মেশিন এবং এক হাজার টাকার এক’শটি জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে,  ল্যাপটপ আকৃতির মেশিনটিতে কাগজ ও রং মেশানোর পর জাল নোট প্রিন্ট করে বাজারে ছেড়ে দেয়। বাজারজাত করতে তার একাধিক এজেন্ট রয়েছে। জাল টাকা তৈরির আগে সে চান্দগাঁও থানার কাজিরহাট এলাকায়  থাকত এবং পাইকারি মুদি দোকানে মালামাল সরবরাহ করত বলে পুলিশকে জানিয়েছে। সৌরভ বিশ্বাসের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরায়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ