চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে পদক্ষেপ নেয়া না হলে অবরোধসহ লাগাতার কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন সমাবেশ থেকে এ হুশিয়ারী উচ্চারণ করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে, কিন্তু জনগণকে চাহিদা পরিমান গ্যাস সরবরাহ দিতে পারছে না। ২৭০০ ঘন ফুট গ্যাস উৎপাদন হলেও চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে ২৩০ থেকে ২৫০ ঘনফুট। ঘাটতি থাকছে অর্ধেক। পর্যাপ্ত পরিমান গ্যাস সরবরাহ না হওয়ার ফলে শিল্প নগরী চট্টগ্রামের অনেকে শিল্প করখানা বন্ধ হওয়ার পথে। ঘরে চলছে গ্যাসের হাহাকার। গ্যাস সংকটে পড়ে চট্টগ্রামের শিল্প কারখানাসহ নাগরিক জীবনে অচলাবস্থা সৃষ্টি হলেও সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। শাসক দলের জন প্রতিনিধি ও ব্যবসায়ি সংগঠনগুলো এ ব্যাপারে জোরালো কোন ভূমিকা রাখছে না। ফলে চট্টগ্রামবাসী দূর্ভোগ চরমে পৌঁছেছে।
সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির, মহানগর বিএনপির সাবেক
ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এসএম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনু মোহাম্মদ শামীম প্রমুখ।
উল্লেখ, গ্যাস সংকট নিরসনে সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন লি: এ বিএনপির পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হবে।






















