নগরীর নন্দনকাননে শতবর্ষ প্রাচীন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার বিকাল ৩টা ২৫ মিনিটে নগরীর নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধবিহারে প্রবেশ করেন তিনি। এসময় বিহারের অধ্যক্ষ ড.জ্ঞানশ্রী মহাথেরো রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
বিহারে প্রবেশের পর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের ভালবাসায় সিক্ত হন। বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা রাষ্ট্রপতিকে কাশ্মিরী শাল আর বৌদ্ধমূর্তি উপহার দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন বৌদ্ধ সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া এবং সহ সভাপতি ইউএসটিসির উপাচার্য ডা.প্রভাত রঞ্জন বড়ুয়াসহ সংগঠনের নেতারা । রাষ্ট্রপতি সেখানে একটি নাগেশ্বর বৃক্ষের চারা রোপণ করেন।
সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে ও ১২৭ বছরের পুরনো চট্টগ্রাম বৌদ্ধবিহার (নন্দনকানন বৌদ্ধমন্দির) পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম আসেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার সকাল পৌণে ১২টার পর হেলিকপ্টারযোগে নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে অবতরণ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে সেনাবাহিনীর পঞ্চম আর্টিলারি কোরের পুর্নমিলনী ও ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
বৌদ্ধবিহার পরিদর্শনের পর রাষ্ট্রপতিকে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার রাষ্ট্রপতির চট্টগ্রাম ত্যাগ করার কথা। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি কক্সবাজার যাবেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।




















