ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় ঘর চাপা পড়ে কিশোর ও নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে শতাধিক লোক আহত এবং উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।
আজ শনিবার ভোর রাত তিনটার দিকে ‘রোয়ানু’ আঘাত হানলে ঘর চাপা পড়ে ওই দুইজন আহত হন। পরে সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নে স্ত্রী রেখা বেগম (৩৫) ও একই এলাকার মো. মফিজের ছেলে আকরাম (১৪)।
ওই এলাকার বাসিন্দা মুস্তাফিজুর জানান, শুক্রবার বিকাল থেকে মেঘনার নদীর স্রোত অনেক বেড়েছে। যার কারণে আগের চেয়ে ভাঙনও অনেক বেড়েছে। এ ঘটনায় উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শুকনা খাবার দেওয়ার চেষ্টা চলছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এছাড়া সারা দেশের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল গতকাল সন্ধ্যায় জানান, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও কক্সবাজারের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সারা দেশে তিন হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেগুলোও প্রস্তুত রাখা হয়েছে।






















