সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ঘটনার জন্য আমি দুঃখিত, লজ্জিত।
নারায়ণগঞ্জে পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে মতবিনিময় সভায় সেলিম ওসমান এ দুঃখ প্রকাশ করেন।
জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘গত ১৩ মে শ্যামল কান্তি ভক্তর সঙ্গে ঘটনার জন্য আমি দুঃখিত, লজ্জিত।’‘এ ঘটনায় আমি রাজনীতির শিকার’ ।তিনি বলেন, ‘পার্টির প্রধান এরশাদ আমাকে বলেছেন, সেলিম তুমি তো ওলি হয়ে গেছ। তোমার জন্য কয়েক কোটি মানুষ মসজিদে মসজিদে দোয়া করছে।’
তিনি স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তর বিরুদ্ধে তাঁর কাছে কোটি টাকা দাবির অভিযোগ করেন।
সেলিম ওসমান আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমি সংবাদ সম্মেলন বাতিল করেছি। এরশাদ বলেছেন, তোমার সঙ্গে আল্লাহ আছেন, আমরা আছি।’ গত ২৫ মে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে তা বাতিল করেন তিনি।
























