গোপালগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নপত্র কারণে পাস নিয়ে শঙ্কায় ৭৯ পরীক্ষার্থী

গোপালগঞ্জ জেলার রামদিয়া পরীক্ষাকেন্দ্রের দুটি কক্ষে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ৭৯ পরীক্ষার্থীর পাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার পরীক্ষার প্রথম দিনে ওই কেন্দ্রের দুটি কক্ষে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্রেই (বাংলা প্রথম পত্র) পরীক্ষা দেয় ২০১৬ সালের সিলেবাসের পরীক্ষার্থীরা। পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় এবং ভালো পরীক্ষা দিতে না পেরে ভেঙে পড়েছে তারা। ওই দুই কক্ষের ৭৯ জন পরীক্ষার্থী এরকম প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে।

ওই কেন্দ্রের পরীক্ষার্থী সিতারামপুর এমএইচ উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমি খানম জানায়, তার আশা ছিল সে ভালো রেজাল্ট করবে। কিন্তু প্রশ্ন কমন না পড়ায় এখন পাস করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। প্রশ্নপত্রের ব্যাপারে সে এবং অন্য পরীক্ষার্থীরা কর্তব্যরত শিক্ষককে জানালেও তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেননি।

এ ব্যাপারে কেন্দ্রসচিব মো. জয়নদ্দিনের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কেন্দ্রের ২৪১ ও ২৪২নং কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র সর্টিং করার সময় এ ঘটনাটি ঘটে যায়। তবে পরীক্ষার্থীরা যখন অভিযোগ করেছিল তখন কক্ষের শিক্ষককের উচিৎ ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। কর্তব্যে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

গোপালগঞ্জে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ