সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘শিগগিরই গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রোডের কাজের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’
সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর নলজানি টিএন্ডটি এলাকায় গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের বাস ডিপো নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় দুই হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার দৈর্ঘ্য বিআরটি রোড নির্মাণ কাজ ২০১২ সাল থেকে শুরু হয়েছে। এর মধ্যে ১৬ কিলোমিটার এট গ্রেড এবং চার দশমিক ৫০ কিলোমিটার এলিভেটেড। এ প্রকল্পে এক হাজার ৬৫০ দশমিক ৭০ কোটি টাকা প্রকল্প সাহায্য এবং ৩৮৯ দশমিক ১৫ কোটি টাকা জিওবি ফান্ডের। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি এ কাজের অর্থায়ন করছে।
এ সময় মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে গাজীপুর থেকে প্রতি ঘণ্টায় ২৫ হাজার যাত্রী এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করতে পারবে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইকরাম উল্লাহ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা ও প্রকল্প ব্যবস্থাপক মোমেনুল ইসলাম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
























