সাভারের আশুলিয়ায় গতির প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নবীনগর থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর নামক স্থানে এসে পলাশ পরিবহন ও নিরাপদ পরিবহনের মধ্যে গতির প্রতিযোগিতা শুরু হয়। পরে চক্রবর্তী এলাকায় এসে পলাশ পরিবহনের সাথে নিরাপদ পরিবহনের ধাক্কা লাগে। এসময় পলাশ পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে প্রায় ৩০ফুট গভীরে পড়ে যায়। এরপর প্রথমে স্থানীয়রা ও পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
এসময় প্রায় ৩০ জনকে উদ্ধার করে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এব্যাপারে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, হাসপাতালটির সিইও’ইর শুধু ক্যামেরার সামনে কথার বলার অনুমতি আছে। তবে সিইও’কে হাসপাতালে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
তবে এখনও কোনো যাত্রী বাসের ভিতরে আছে কি না এমন প্রশ্নের জবাবে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আমাদের ডুবুরী দল এখনও তল্লাশি চাল্লাচ্ছে। পাশপাশি বাসটিকে র্যাকারের সাহায্যে খাদ থেকে উপরে তোলার চেষ্টা চলছে।
এদিকে এখনও পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
অপরদিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার দৃশ্য দেখতে হাজারও উৎসুক জনতা নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে জড়ো হয়। এতে সড়কটিতে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।






















