খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. কামরুল ইসলামের সরকারি বাসভবনে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতকে আটক করেছে পুলিশ।
রবিবার গভিররাতে মহানগরীর পিটিআই মোড় থেকে তাকে আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর ইসলাম বলেন, বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জেলা ছাত্রদলের এই নেতাকে আটক করেছে।
উল্লেখ্য, খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. কামরুল ইসলামের সরকারি বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে সংঘটিত এ হামলায় জেলারের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জেলার সপরিবারে গাড়ির ভেতরে থাকলেও প্রাণে বেঁচে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে।
ব্যক্তিগত ক্ষোভ অথবা নাশকতার উদ্দেশ্যে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে— পুলিশের এমন ধারণার কথা জানিয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় জেল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. কামরুল ইসলাম কারাগারে দায়িত্ব পালন শেষে খুলনা জেনারেল হাসপাতাল রোডে (জেনারেল হাসপাতাল সংলগ্ন) তার সরকারি বাসভবনে যান। রাত সাড়ে ৯ টার দিকে স্ত্রী এবং মেয়েকে নিয়ে সরকারি গাড়িতে চড়ে ফের বাইরে বেরোনোর সময় বাড়ির ফটকের সামনে গাড়ি থেকে ২০- ২৫ হাত দূরে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ীর হেড লাইট ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার আকস্মিকতায় জেলা কারাগারের সুপার তার স্ত্রী-কন্যাকে নিয়ে দ্রুত বাসভবনে নিরাপদ অবস্থানে চলে যান। খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে জর্ডার কৌটা, জালের কাঠি এবং লাল টেপসহ বিস্ফোরিত বোমার বিভিন্ন অংশ আলামত হিসেবে জব্দ করে। ঘটনার পর কারাগার এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






















