খালেদার অনুপস্থিতিতে তদন্ত কর্মকর্তাকে জেরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে জেরা করছেন তার আইনজীবীরা। ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। এদিকে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ