খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির খবংপুড়িয়ায় যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ ৫ ইউপিডিএফ নেতাকর্মী আটক। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে খাগড়াছড়ি শহরের খবংপড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী ইউপিডিএফ সমর্থিত বিভিন্ন সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৮ রাউন্ড গুলি, নগদ ৮৬ হাজার ৯’শ টাকাসহ বেশকিছু চাঁদার রসিদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা, স্বপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা নিকাশ চাকমা ও রঞ্জু চাকমা।

খাগড়াছড়ি সদর থানার ওসি শামসুদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও সন্ত্রাস আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে ইউপিডিএফ’র কেন্দ্রীয় প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা দাবি করেছেন, তাঁদের গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে তাঁদের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ গ্রামবাসীদের ধরপাকড় করছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ