ক্যাসিনোকাণ্ডে সাবেক যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বিদায় নেওয়ার পর কে হচ্ছে পরবর্তী চেয়ারম্যান এমন গুঞ্জন আসছে বেশ কয়েক দিন যাবৎ। শেষমেষ গতকাল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন শেখ ফজলে শামস পরশ। আগামী তিন বছরের জন্য যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি। এতে রাজনীতিতে অভিষেক হয় শেখ পরিবারের আরেক সদস্য।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির বড় ছেলে। ৫১ বছর বয়সী পরশ এতদিন রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখে শিক্ষকতা নিয়েই ব্যস্ত ছিলেন। বাবার প্রতিষ্ঠিত সঙ্কটে থাকা যুবলীগের ভাবমূর্তি উদ্ধারে ফুপু শেখ হাসিনার নির্দেশে পরশ এবার রাজনীতিতে আসছেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কালরাতে তার বাবা শেখ ফজলুল হক মণি এবং মা আরজু মণি শহীদ হন। সে সময় তিনি এবং তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভাগ্যক্রমে বেঁচে যান। তখন পরশের বয়স ছিল ৬ এবং তাপসের ছিল ৪ বছর।
শেখ ফজলে শামস পরশ ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজের থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।
তিনি পরে যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন তিনি। বর্তমানে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন।




















