কেন্দ্রীয় সরকার ভারতের সুপ্রিম কোর্টকে জানাল বিশ্বখ্যাত হীরকখণ্ড কোহিনূর ব্রিটিশদের উপহার দেয়া হয়েছিল । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গতকাল (সোমবার) সুপ্রিম কোর্টকে জানানো হয় ব্রিটিশরা কোহিনূর হীরা চুরি করে নিয়ে যায়নি, ওটা তাদের উপহার দিয়েছিলেন মহারাজা রঞ্জিত সিং। সুতরাং ব্রিটিশদের কাছ থেকে ওই হীরা ফেরত চাওয়ার কোনো প্রশ্নই নেই।
যদিও কোহিনূর ফেরত আনার জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং আরো কী প্রচেষ্টা চালানো হবে তা ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আদালতে জানাতে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে আরো বলা হয়, যদি ওই হীরা ফেরত চাওয়া হয় তাহলে অন্য দেশের যেসব জিনিষ ভারতের সংগ্রহশালায় আছে তার ওপরেও বিদেশিরা দাবি জানাতে পারে। আলালত অবশ্য কেন্দ্রের এ ধরণের ব্যাখ্যায় বিশেষ সন্তুষ্ট না হয়ে জানায় ভারত তো কখনো উপনিবেশ সৃষ্টি করেনি যে অন্যদের কোনো জিনিষ এখানে ছিনিয়ে রেখেছে।
এর আগে এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে জানতে চান- কোহিনূর ফেরত আনার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে।
কোহিনূর নিয়ে কথিত আছে, কোহিনূর হীরা ১৮৫০ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল তৎকালীন রানি ভিক্টোরিয়াকে উপহার দেন।আবার এ ও শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহুমূল্যবান কোহিনূর হীরা লুট করে নিয়ে যায়। কোহিনূর নিয়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট নামে সংগঠন সুপ্রিম কোর্টে অভিযোগ জানায়, কোহিনূর ফেরত আনতে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
























