কুমিল্লায় জমে ওঠেছে শিল্প ও বাণিজ্য মেলা দেশি পন্যের ব্যাপক সমাহার

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে দীর্ঘদিন পর কুমিল্লা স্টেশন ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গনেই দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন বছরের প্রথমদিন থেকে জমে উঠেছে এ মেলা। ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায়। তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে। মাত্র ৫দিন আগে শুরু হওয়া মেলায় প্রতিদিনই লোকজনের উপচেপড়া ভিড়।
মেলায় ছোট-বড় শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটিরশিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ী, বুটিকসের টুপিস, থ্রিপিসসহ নানান ধরনের পণ্য। এছাড়াও রয়েছে শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, পোষাক, ইলেকট্রনিক্স সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র, ঢাকা থেকে আগত ফুচকা, চটপটি, আচার ও বেকারি আইটেমের দোকান। বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট-প্যান্টের দোকানও রয়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, মেজিক নৌকা, ট্রেনসহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ।
কুমিল্লা শহর ও শহরতলী ছাড়াও দূর-দুরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। দিনে দিনে ক্রেতা বাড়ছে, কেনাবেচাও জমজমাট। মেলা শুরুর দিন থেকে এখন পর্যন্ত অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন পর কুমিল্লার এই শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা ভালো হওয়ার আশা করছেন।
মেলায় সন্তানদের নিয়ে ঘুরতে আসা কলেজ শিক্ষক নাসরিন আক্তার জানান, রাজধানী ঢাকার অনেক পণ্য কুমিল্লার এই মেলায় পাওয়া যাচ্ছে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবারের মেলা সবাইকে আনন্দ দিচ্ছে। স্বল্পদামে সবকিছু একটি মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে, এটিতো বেশ ভালো লাগছে।
কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলার মেলা তদারককারী (ইভেন ম্যানেজমেন্ট) মো. বিল্লাল হোসেন জানান, সারাদেশের তাঁত, কুটির, বুটিকসহ বিভিন্ন দোকানীরা এতে অংশ নেয়ার মেলা প্রাণবন্ত হয়ে ওঠেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এ মেলা, চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। গত ১ জানুয়ারি মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ