কর বা শুল্ক রেয়াতের সুযোগ রোধ করে নীতিমালা তৈরি হচ্ছে

কর বা শুল্ক রেয়াতের সুযোগ রোধ করে নীতিমালা তৈরি হচ্ছে

আগামী ২০১৬-১৭ অর্থবছর থেকে আমদানি শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন অব্যাহতি কিংবা রেয়াতে প্রতিটি কার্যক্রমে কোনো কর বা শুল্ক রেয়াতের জন্য আবেদন করা যাবে না। এমন পরিকল্পনা নিয়ে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালায় থাকছে, প্রকল্প বাস্তবায়ন হোক কিংবা মেরামত বা পরিচালনার বিষয় হোক এসব ক্ষেত্রে পণ্যদ্রব্য কিনতে কোনো ধরনের শুল্ক রেয়াত দেয়া হবে না। এমনকি আবেদনও করা যাবে না।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নীতিগত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নীতিমালা অনুসারে কোনো পণ্য কিনলে তা হিসাব করে কোন কোন খাতে কত কর দেয়ার প্রয়োজন হবে তা বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এই সঙ্গে সেই বরাদ্দ থেকে শুল্ক কর পরিশোধ করতে হবে। তবে নীতিমালায় উল্লেখ থাকবে কোন কোন ক্ষেত্রে শুল্ক মওকুফ করা হবে। এমনকি কোন খাতে নির্দিষ্ট হারে রেয়াত দেয়া হবে তাও বলে দেয়া হবে। আর এসব ক্ষেত্রের মধ্যে অন্যতম হচ্ছে, কূটনৈতিক নিয়মনীতির আওতায় পণ্যদ্রব্য আমদাানি। এ ছাড়াও বিদেশ থেকে কোনো জনকল্যাণকর প্রকল্প বা স্থাপনা কিংবা কাজের জন্য আমদানি করা অনুদান সামগ্রী।
সভায় উল্লেখ করা হয়, দেশে করভিত্তিক সম্প্রসারণ কর জিডিপির অনুপাত কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করতে হলে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, সব ক্ষেত্রে কর দেয়ার বিষয়ে করদাতাদের উৎসাহিত করতে হবে। যেন কর দিতে করদাতারা অভ্যস্ত হয় ।

জানা গেছে, সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে আগামী ২০২০ সালে জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। এ লক্ষ্যমাত্রা বর্তমান কর জিডিপি অনুপাত ১০ দশমিক ৩ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ বেশি। আগামী পাঁচ বছরে এ লক্ষ্যমাত্রা অর্জন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অবকাঠামো নির্মাণ, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন কার্যক্রম অর্থায়ন, সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ইত্যাদি খাতে বিনিয়োগের চাহিদা পূরণের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব সংগ্রহের প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়ছে। এর পাশাপাশি এসডিজি স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের যেসব আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে তা পূরণ করতেও অভ্যন্তরীণ উৎস থেকে বর্ধিত হারে রাজস্ব আহরণ করা একান্ত জরুরি।

বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক খাত কর অব্যাহতির আওতায় রয়েছে। ফলে বাংলাদেশের কর জিডিপির অনুপাত দক্ষিণ এশিয়াসহ অন্যান্য অঞ্চলের উন্নয়নশীল অনেক দেশের তুলনায় কম। এ ছাড়াও কর অব্যাহতির আওতা সম্প্রাসারণের জন্য যে ক্ষতিকর দিকটি রয়েছে তা হলো, এটি অর্থনীতির বিভিন্ন খাতের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এর ফলে অর্থনীতিতে একটি অসম প্রতিযোগিতা উৎসাহিত হয়। দেশে বিনিয়োগ বাড়াতে ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক রফতানি প্রক্রিয়করণ অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যেসব প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রমে নিয়োজিত রয়েছে তারা বিভিন্ন ধরনের শুল্ক কর অব্যাহতির সুযোগ ভোগ করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে হাইটেক পার্কসহ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যে কার্যক্রম শুরু হয়েছে, তাতেও যে কোনো খাতের যে কোনো প্রতিষ্ঠানের জন্য শুল্ক কর অব্যাহতি সুবিধা ছাড়াও বিভিন্ন ধরনের শুল্ক কর প্রণোদনা দেয়া হয়েছে। এতে আগামী ১০ থেকে ১২ বছর অর্থনীতির বড় অংশ করের আওতার বাইরে থাকবে। এ পরিস্থিতিতে নির্বাচিত কয়েকটি খাতে যৌক্তিক পর্যায়ে অব্যাহতি সুবিধা বহাল রাখার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য সব করযোগ্য খাত থেকে কর আহরণের সুযোগ অব্যাহত রাখার জন্য কর অবকাশ কিংবা অব্যাহতির বর্তমান রেওয়াজ পরিহার করা একান্ত জরুরি বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ