‘দেশটাকে পরিষ্কার করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবর্তন চাই’র উদ্যোগে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে অাজ (৬ ফেব্রুয়ারি) শনিবার চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী অভয়মিত্র ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মীদের সনদ বিতরণ অনুষ্ঠান কর্মসূচীর চট্টগ্রাম জেলা সমন্বয়ক সেলিনা সেলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কর্মসূচী উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিডিএ’র বোর্ড মেম্বার হাসান মুরাদ বিপ্লব। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, ইকো ফ্রেন্ডস এর সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, পরিবর্তন চাই এর সংগঠক আই.ইউ. জুয়েল, প্রতিধ্বনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোরশেদুর রহমান নয়ন, মো. তোয়াহা, আবদুল রহমান সুজন, গোলাম রব্বানী জিলানী, আতিক তন্ময়, এড. শাহজাহান, সাজিব বড়–য়া সাজু, সাব্বির আহমেদ, সংগঠক ইউনুছ টিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, ১৯৫২ ও ৭১’র অর্জনে তরুণ প্রজন্মের অবদান সবচেয়ে বেশী। দেশপ্রেমের প্রত্যয়ে নতুন প্রজন্মের পরিচ্ছন্নতা অভিযান বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার পথকে আরো সুগম করবে।
হাসান মুরাদ বিপ্লব তার উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রামকে ক্লিন-সিটি, গ্রীণ-সিটি হিসেবে গড়ার প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া তিনি চট্টগ্রামে ও দেশের সামগ্রিক স্বার্থে কর্ণফুলী দূষণ ও দখলমুক্ত করার আন্দোলনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে যোগ দেওয়ার আহ্বান জানান।
অধ্যাপক মঞ্জুরুল কিবরীয়া বলেন- আত্মোপলব্ধির মাধ্যমে পরিবেশবান্ধব ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের অদম্য প্রচেষ্টা প্রশংসনীয়। ঝাড়ু হাতে নিয়ে তরুণ-তরুণীরা যেভাবে এগিয়ে এসেছে তাতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভবপর। শুধু দেশ পরিস্কার নয়; বরং কর্ণফুলীসহ সমগ্র দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। আমাদের দেহের সাথে রক্ত এবং রক্ত প্রবাহিকার যে সম্পর্ক তেমনি নদী ও নদীর প্রবাহের সাথে দেশেরও একই সম্পর্ক। বিশুদ্ধ রক্ত এবং বাঁধামুক্ত রক্ত প্রবাহিকা ব্যতীত সুস্থ দেহ যেমন কল্পনা করা যায় না তেমনি নদী এবং বিশুদ্ধ পানির প্রবাহ ছাড়া একটি দেশের অস্তিত্বও কল্পনা করা যায় না।
উল্লেখ্য, প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবীরা ঝাড়–, গ্লাভস ইত্যাদি নিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে চসিক পরিচ্ছন্নতাকারী সহযোগিতা করেন এবং চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনও একাত্ম হয়ে অভিযানে যোগ দেন। অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা কর্মীদের ‘পরিবর্তন চাই’র পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করান চবি’র সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরীয়া।
Posted by earthnews24 on Saturday, February 6, 2016






















