এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রথম সহায়তা বাংলাদেশকে

প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে সহায়তা দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) । ব্যাংকটি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের কথা স্মরণ করে এই সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ব্যাংকের মনোনীত প্রেসিডেন্ট জিন লিকুন।

গত শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। সাক্ষাতের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানান লিকুনকে। শ্রমঘন শিল্পের ওপর জোর দিয়ে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
লিকুন বলেন, প্রথম দেশ হিসেবে বাংলাদেশকেই সহায়তা দেবে এআইআইবি; প্রাধান্য পাবে জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন।
ইহসানুল করিম বলেন, এ সময় একসঙ্গে কাজ করলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, নাগরিকদের খাদ্যের চাহিদা পূরণ হওয়ায়, তারা এখন বিদ্যুৎ চায়। বাংলাদেশের নদীগুলোর নাব্য বৃদ্ধির ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, নদীর প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নদীগুলোর দু’পাড়ের ভূমি উদ্ধারও করতে হবে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ