২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার তিন বছর পর এ ধরনের কোনো বাণিজ্য চুক্তি করল দেশটি।

শুক্রবার (৩১ মার্চ) যুক্তরাজ্য সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নতুন গ্রুপে যুক্ত হওয়ার ফলে পনির, গাড়ি, চকলেট, যন্ত্রপাতি, জিন ও হুইস্কির মতো পণ্য রফতানিতে শুল্ক কমানো হবে। এতে বাণিজ্যের প্রসার ঘটবে। এ ছাড়া নতুন ব্লকে যুক্ত হওয়ায় দেশটির অর্থনীতিতে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে।

এদিকে নতুন এ বাণিজ্য চুক্তি যুক্তরাজ্য ও চুক্তিবদ্ধ ১১টি দেশের প্রায় ৫০০ মিলিয়ন মানুষের বাজারকে প্রভাবিত করবে বলে জানায় দেশটির সরকার।

উল্লেখ্য, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি (সিপিটিপিপি) স্বাক্ষরিত হয় ২০১৮ সালে। চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। প্রায় ২১ মাসের আলোচনার পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সিপিটিপিপির সঙ্গে যুক্ত হলো যুক্তরাজ্য।

সিপিটিপিপির সদস্যভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যের ওপর বিধিনিষেধ শিথিল ও পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। এ ছাড়া এই ব্লকে থাকা ১১ সদস্যের হাতে রয়েছে বৈশ্বিক আয়ের প্রায় ১৩ শতাংশ।

এ চুক্তির মাধ্যমে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি চাঙা হয়ে উঠবে বলে ধারণা করছে যুক্তরাজ্য সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ