নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “এদেশে পাকিস্তানি ষড়যন্ত্র চলছে। পাকিস্তানি ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত তাদের সঙ্গ দিচ্ছে। বিগত জ্বালাও-পোঁড়াও আন্দালনে সফলতা অর্জন করতে না পেরে এখন তারা হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে।”
তিনি আরো বলেন, “হত্যাকাণ্ডের মাধ্যমে কখনো কেউ কারো আদর্শ প্রতিষ্ঠা করতে পারেনি। এসব করে তারা সন্ত্রাসী, উগ্রসাম্প্রদায়িকতা, এবং ধর্মান্ধতার ভিত্তিতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এতে তারা ব্যর্থ হবে।”
শনিবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত কাটার সাকসান ড্রেজার ‘সিডি ঈমাম শাফী’ উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, “জ্বালানি তেলের দাম কমেছে। শিগগিরই সড়ক ও নৌমন্ত্রনালয়ে পৃথক বৈঠকের মাধ্যমে নৌপথ ও সড়ক পথের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।”
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও ভারতের টিমব্লো ড্রাইডক-এর ভাইস চেয়ারম্যান মি. কার্ন।
উল্লেখ্য, মংলা বন্দর কর্তৃপক্ষের জন্য সংগৃহীত কাটার সাকসান ড্রেজার ‘সিডি ঈমাম শাফী’ নিমার্ণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি ৪২ লাখ টাকা। আর এটি নির্মাণ করেছে ভারতের টিমব্লো ড্রাইডক বাংলাদেশের ওয়ের্স্টান মেরিন শিপিং।























