অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এটিএম জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংক লিমিটেডের তিনজন কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সংসদে প্রশ্নোত্তরে অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী বলেন, এটিএম জালিয়াতির সাথে দি সিটি ব্যাংক লিমিটেডের তিনজন কর্মকর্তার জড়িত থাকার যে অভিযোগ পাওয়া গেছে তাতের তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক একটি তদন্ত প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ ব্যাংক তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। এছাড়া দি সিটি ব্যাংক লিমিটেডের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে মর্মে ব্যাংকটি জানিয়েছে।
তিনি জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকসমূহের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ যথাযথ পরিচালনার জন্য তদারকি অব্যাহত রাখা হয়েছে। এটিএম লেনদেন নিরাপদ ও ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর গৃহীত পদক্ষেপের অগ্রগতি জানতে ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত সভা করা হচ্ছে। এছাড়াও এটিএম জালিয়াতি সংক্রান্ত সব অভিযোগ বাংলাদেশ ব্যাংক গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছে এবং প্রয়োজনে পদির্শন কার্যক্রম পরিচালনা করছে।
























