আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর অস্তিত্ব বাংলাদেশে নেই। তবে দেশীয় কোনো জঙ্গি সংগঠন আইএস’র সঙ্গে যুক্ত হতে চাইলে অবাক হওয়ার কিছু নেই। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি রোধে এখনই সর্বোচ্চ সতর্কতা নেয়া উচিৎ।
অন্যদিকে, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইতালিয়ান নাগরিক তাভেলা হত্যার পর আইএস’র হয়ে দায় স্বীকার করে বিবৃতি দেয়া, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে।
২০১৪ সালের সেপ্টেম্বরে সামিয়ূন ইবনে হামদান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের পর দেশে প্রথমবারের মতো আইএস’র অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে। গোয়েন্দারা তখন দাবি করেছিল, আইএস’র জন্য কর্মী সংগ্রহের উদ্দেশ্যে সামিয়ূন বাংলাদেশে এসেছিলো। এরপর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় আইএস সন্দেহে কমপক্ষে ১৫ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের মতে, আইএস’র সাফল্যে উজ্জীবিত হয়ে দেশীয় উগ্রবাদী সংগঠনগুলো তাদের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেখাতে পারে। কিন্তু আইএসর কাছ থেকে তারা সাড়া পেয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আর এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মতে, ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার পর আইএস’র হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি ওয়েব সাইটের দায় স্বীকার হতে পারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার বিদেশি কোনো ষড়যন্ত্রের অংশ।
এসব ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। তবে দু’জনেই মনে করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব ইতালিয়ান নাগরিক হত্যার রহস্য উন্মোচন করা উচিৎ।





















