ইরাকের ফাল্লুজা শহরে মার্কিন জোটের বিমান হামলায় আইএসের ৭০ জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে আইএসের এক শীর্ষ কমান্ডারও ছিলেন। ওই এলাকা এর আগে পুর্ণদখল করেছিল ইরাকি বাহিনী। খবর রয়টার্স।
ফাল্লুজা পুনুরুদ্ধারে পাঁচদিন আগে শুরু হওয়া ইরাকি বাহিনীর অভিযানে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।
আইএস-বিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন শুক্রবার জানিয়েছেন, আগের চারদিনে ফাল্লুজায় ২০বার বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী।
দু’দিন আগের বিমান হামলায় আইএসের শীর্ষ কমান্ডার মাহের আল বিলাওয়ি নিহত হয়েছে বলে নিশ্চিত করে মার্কিন জোট।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী শহরটি দখলের পর বিভিন্ন এলাকা থেকে ২ শতাধিক বিস্ফোরক এবং পুতে রাখা মাইন ধ্বংস করেছে।
রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইএসের এই শক্তিকেন্দ্রটির দখল নিতে ‘কয়েক সপ্তাহ নয়, কয়েকদিনের মধ্যেই’ চূড়ান্ত লড়াই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন জোট।
দুই বছর আগে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে স্বঘোষিত ‘ইসলামি খিলাফত’ এর ঘোষণা দিয়েছিল আইএস। ওই বছরের জানুয়ারিতে আইএসের হাতে পতন হওয়া প্রথম ইরাকি শহর ছিল ফাল্লুজা।
























