আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলারর আশাশুনি উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
১৫ জানুয়ারি বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলার বড়দল কলেজিয়েট স্কুল মাঠ চত্বরে প্রেমঘটিত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় কমপক্ষে তিন জন।
আহতরা হলেন, কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র লিখন, ব্যবসায়ী লতিফ সানা ও যুবলীগ নেতা টিটু। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন জানান, তার কলেজিয়েট স্কুলের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা চক্রবর্তীকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে একই স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র লিখন ও মুরাদ। এক পর্যায়ে উভয়ের মধ্যে গোলযোগের জের ধরে মুরাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ তার বাহিনীর সদস্যদের মোবাইল ফোনে ডেকে আনে । এ সময় উভয় পক্ষের সংঘর্ষে লিখনসহ কয়েকজন আহত হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয় মহব্বত ঢালী, বিষ্ণ ময়রা, জোসেফ সিংসহ ১৬ জনের কাছ থেকে সে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা নিয়েছে বলে জানা গেছে। তার অত্যাচারে মহব্বত ঢালী এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এছাড়া তার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে হত্যার মামলা রয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, উক্ত সংঘর্ষের ঘটনায় বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




















