সাবেক ইরানি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে ১৯৫৩ সালের অভ্যুত্থানের কথা উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের তেলশিল্প জাতীয়করণের পর আমেরিকাকে বিশ্বাস করে ভুল করেছিলেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানের প্রধান শত্রু হলো আমেরিকা। রাজধানী তেহরানে আজ(মঙ্গলবার) ছাত্রদের দেয়া সাক্ষাতে এ কথা বলেন তিনি।
আগামীকাল ফার্সি মাসের ১৩ আবান এবং ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পরই এ দিনে ‘গুপ্তচর বৃত্তির আখড়া’ নামে পরিচিত মার্কিন দূতাবাস দখল করে নেন ইরানের বিপ্লবী ছাত্ররা।
প্রতিবছর দিনটিকে ইরান ‘বিশ্ব বলদর্পী বিরোধী লড়াই দিবস’ হিসেবে পালন করে। এ দিবসে আগে ছাত্রদের সাক্ষাৎ দেন ইরানের সর্বোচ্চ নেতা।
তিনি ছাত্রদেরকে মার্কিন দূতাবাস থেকে উদ্ধার করা দলিলপত্র খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি বলেন, দূতাবাস দখল করার পর ছাত্ররা বুঝতে পেরেছিল যে ওটি ছিল ‘গুপ্তচর বৃত্তির আখড়া।’
তিনি বলেন, সত্যি কথাটি হলো, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিসন্ধির কোনোই পরিবর্তন হয় নি। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার সুযোগ পেলে তারা এক মুহূর্তও তারা নষ্ট করবে না উল্লেখ করে তিনি বলেন, তারা সে সুযোগই পাবে না।
তিনি বলেন, আমেরিকা ধীরে ধীরে বুঝতে পারছে ইরানের জনগণের প্রতিরোধ ক্ষমতা এসেছে ইসলামের প্রতি তাদের অবিচল বিশ্বাস থেকে। তাই এ আজ নতুন অস্ত্র নিয়ে এ বিশ্বাসের বিরুদ্ধে হামলা করতে চাইছে বলে জানান তিনি।
এ ছাড়া আমেরিকা ধ্বংস হোক বলে যে শ্লোগান দেয়া হয় তারও ব্যাখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, এ শ্লোগান দেয়ার মধ্য দিয়ে প্রজ্ঞা এবং যুক্তির পরিচয় মিলেছে। এ শ্লোগানের মাধ্যমে মার্কিন জনগণের ধ্বংস কামনা করা হচ্ছে না বরং মার্কিন সাম্রাজ্যবাদ নীতির ধ্বংস কামনা করা হচ্ছে।
























