২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত: মাশরাফি

বিপিএলের আগের আসরগুলোতে শুধু যেন অংশগ্রহণ করার জন্য মাঠে নেমেছিলো সিলেট ফ্র্যাঞ্চাইজি। সর্বোচ্চ সাফল্য ছিলো একবার সেমিফাইনাল খেলা। এবারও বিপিএল শুরুর আগে কেউই তেমন প্রত্যাশা করেনি সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে। অথচ আসর শুরুর পর সেই দলই যেন হয়ে উঠলো অপ্রতিরোধ্য। সবাইকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সবার শীর্ষে থেকেই নিশ্চিত করলো প্লে-অফ। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো পৌঁছে গেলো বিপিএলের ফাইনালে।

চলতি বিপিএলে সিলেটের এমন বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা দেশসেরা অধিনায়ক খ্যাত মাশরাফি বিন মর্তুজার। স্ট্রাইকার্স অধিনায়কের দায়িত্ব নিয়েই যেন দলকে বদলে দিয়েছে খোলনচলে। মাশরাফি নামক জীয়নকাঠির ছোঁয়াতেই যেন জেগে উঠেছে স্ট্রাইকার্সরা। নড়াইল এক্সপ্রেসের অনবদ্য নেতৃত্বে প্রথমবারের মত সিলেটের সামনে বিপিএল শিরোপার হাতছানি।

মাশরাফির নেতৃত্বে যেন জাদু আছে। রংপুরের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আসলে পাঁচবারের মতই বিপিএল ফাইনাল খেলতে যাওয়া মাশরাফির কাছে তার নেতৃত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হয়। হাসির সুরে ম্যাশ বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

রংপুরের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেকেহ ম্যাচসেরা হওয়া তানজিম হাসান সাকিবের প্রশংসাও করেছেন মাশরাফি। অধিনায়ক বলেন, ‘আমরা জানতাম যে উডের একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

শিরোপার লড়াইয়ে ফাইনালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে সিলেট অধিনায়কের ভাষ্য, ‘যদিও কুমিল্লা অনেক অনেক ভালো দল, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ