মুহাম্মদ মিনহাজ উদ্দিন : আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ কর্তৃক চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার— আল্লামা ইউসুফ আল-কারাদাভী জেনারেল লাইব্রেরীস্থ সাইয়েদ ইউসুফ জাসেম দরবেশ হলে এক মনোজ্ঞ ও বর্ণাঢ্য ‘সাহিত্য সন্ধ্যা’র আয়োজন করা হয়।
ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল ও জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক মাওলানা জসিম উদ্দিন নদভীর আহ্বানে গত ১০ ফেব্রুয়ারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় একশ’ জন শিক্ষার্থী এতে বাংলা, ইংরেজি ও আরবীতে স্বরচিত প্রবন্ধ-নিবন্ধ, ছড়া-কবিতা, ছোটগল্প, অনুবাদ প্রবন্ধ উপস্থাপন করে। কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর ও বিশিষ্ট কলামিষ্ট ড. মাহফুজুর রহমানের পক্ষ থেকেও প্রবন্ধ পাঠানো হয়।
উক্ত সাহিত্য সন্ধ্যায় সভাপতিত্ব করেন— প্রবীণ শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, কবি ও জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ্ খলীল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের দাওয়াহ্ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা শাকের আলম শওক। বিশিষ্ট লেখক-গবেষক, সৃষ্টিশীল অনুবাদক ও সৃজনশীল সাহিত্যকর্মী মুহাম্মদ হাবিবুল্লাহ। সামালোচক হিসেবে ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ছাড়াকার অধ্যাপক নঈম কাদের। সাদার্ন ইউনিভার্সিটির প্রভাষক, গবেষণা ও সাহিত্য পত্রিকা মাসিক ‘আল-হক’র নির্বাহী সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী। সঞ্চালানায় ছিলেন এরাবিয়ান ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ ও সৌদী দূতাবাসের দায়ী’, প্রতিভাবান লেখক— মুহাম্মদ এনামুল হক সিরাজ মাদানী। উল্লেখ্য, সামালোচনা শেষে সেরা দশ জনকে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থার পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়া হয়।





















