জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। তাই এখানে কারো প্রতি দয়া দেখানোর কোনো সুযোগ নেই।’
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত যুদ্ধাপরাধীর বিচারবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে স্পিকার এ কথা বলেন।
নুরেমবার্গ ট্রায়ালের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘যুদ্ধাপরাধের বিচার : নুরেমবার্গ থেকে ঢাকা’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘এটি আদালত। এটি দাতব্য প্রতিষ্ঠান নয়। সমাজে ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই আদালত। তাই এখানে কারো প্রতি দয়া দেখানোর সুযোগ নেই।’
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নুরেমবার্গ ট্রায়াল সারাবিশ্বে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে একাত্তরের মহান মৃক্তিযুদ্ধে যে নির্যাতন ও গণহত্যা হয়েছিল তার বিচার এ দেশের মানুষের প্রাণের দাবি। সেই দাবিকে সামনে রেখেই আন্তর্জাতিক অপরাধ আদালত ও আইনজীবীরা সব নিয়মকানুন মেনেই এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করছে।’
স্পিকার আরো বলেন, ‘আজ আমরা জাতি হিসেবে গর্ববোধ করতে পারি এ জন্য যে, আমরা দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এই বিচার আমাদের বীর শহীদদের প্রতি আমাদের অঙ্গীকার পূরণ। এই বিচারের মাধ্যমে দেশে বিচারহীনতার সংস্কৃতির অবসান হয়েছে। এ বিচার আমাদের জয়যুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ বিচার সম্পন্ন হলে আমরা দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হবো।’
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামে সভাপতিত্বে সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ।
নিকোলায়েভ বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, জাতীয়তাও নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের কোনো সীমানাও নেই।’
নিকোলায়েভ বলেন, ‘আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক অপরাধ আদালত যে বিচারকার্য সম্পন্ন করছে, তা কোনো রাজনৈতিক বিচার নয়, এটি এ দেশের জনগণের অধিকার।’
আলেকজান্ডার নিকোলায়েভ আরো বলেন, ‘এই ধরনের ভয়ভীতি দেখিয়ে বিচারিক প্রক্রিয়া বন্ধ করা যাবে না। রাশিয়া একাত্তরে বাংলাদেশের পাশে ছিল। এখনো জোরালোভাবেই বাংলাদেশের সাথে আছে।’
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব জুরিস্টস কানাডা চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট অ্যাটর্নি উইলিয়াম পি স্লন।
উইলিয়াম পি স্লন বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সংগ্রাম করছে। এ সংগ্রামের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমি মনে করি বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সংগ্রাম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’
সেমিনারে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার আদালতের নিজস্ব গতিতেই চলবে। জনগণের কাছে সবচেয়ে ঘৃণ্য এবং মানবতাবিরোধী অপরাধে নেতৃত্বদানকারী দুই যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে। এটি আমাদের বিরাট সাফল্য। দেশে এবং দেশের বাইরে কোন যুদ্ধাপরাধী, কোথায় আছে তার খবর আমরা জানি। পর্যায়ক্রমে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ তিনি আরো বলেন, ‘ভয়ভীতি প্রদর্শন করে মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গীকার থেকে নড়াতে পারবে না।’
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, আইসিটির রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরীন আফরোজ এবং শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী।





















