খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছে আপিল বিভাগ।প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় তাঁদের আগামী ১৫ মার্চ আপিল বিভাগে তলব করা হয়েছে। আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ায় এই দুই মন্ত্রীকে ওই দিন সশরীরে হাজির হয়ে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, প্রসঙ্গত, গত শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি করার দাবি জানান। তিনি এই মামলার শুনানি নিয়ে প্রধান বিচারপতির বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।
এর আগে সোমবার ডাকযোগে আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু দুই মন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন । আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই মন্ত্রীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছিল।
























