২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ রাতেই ফাঁসি কার্যকর হতে যাচ্ছে বঙ্গবন্ধুর খুনি মাজেদের

শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদের। এরইমধ্যে তার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। জল্লাদ প্রস্তুত। এরই মধ্যে ফাঁসির মঞ্চে মহড়া করা হয়েছে।

কারাসূত্র জানিয়েছে, চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার প্রেসার স্বাভাবিক রয়েছে। তাকে জানানো হয়েছে ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকর করার বিষয়ে। আজ শনিবার মধ্যরাতে সেই ফাঁসি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ দেখা করেছেন কারা কর্তৃপক্ষ।

শনিবার রাত পৌনে ৮টায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা এনটিভি অনলাইনকে বলেন, ‘ফাঁসির মঞ্চ থেকে শুরু করে ফাঁসি কার্যকর করতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নেওয়া হয়েছে। কারাগারের ভেতর ও আশপাশ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘আজ মধ্য রাতের পর ফাঁসি কার্যকর করা হবে। আইন অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনির ফাঁসি দিতে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে প্রস্তুত’, যোগ করেন আইজি প্রিজন্স।

গত সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার ৪৪ বছর ৭ মাস ২১ দিন পর গ্রেপ্তার হন তিনি। সবশেষ গতকাল শুক্রবার স্ত্রীসহ পাঁচজন কারাগারে মাজেদের সঙ্গে সাক্ষাৎ করেন। ফাঁসির আগে প্রত্যেক আসামিকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।

গত বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন।

ওইদিন বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন। কারা কর্তৃপক্ষ আবেদনটি বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। সেখান থেকে বঙ্গভবনে পৌঁছানো হয়।

প্রাণভিক্ষার আবেদনটি বঙ্গভবনে পৌঁছার পরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি। এটি প্রত্যাখ্যাত হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে বাধা থাকছে না।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ