আজ শনিবার ভারতে বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে সে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই মামলায় রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ জন্য উত্তরপ্রদেশসহ ভারতজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২০ অক্টোবর থেকে অযোধ্যা শহরে জারি রয়েছে ১৪৪ ধারা। ১০ নভেম্বর থেকে এই শহরে জারি হচ্ছে কারফিউ। এই সান্ধ্য আইন অযোধ্যা মামলার রায় ঘোষণার পর চার দিন পর্যন্ত বলবৎ থাকবে জানিয়েছের রাজ্য সরকার।
বিতর্কিত জমিটি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার ঠিক ৭০ বছর পরে অবশেষে রায় দিচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত।
আগামী সপ্তাহেই অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই যে তিনি এই ঐতিহাসিক এবং সাম্প্রতিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ মামলাটির নিষ্পত্তি করে দিতে চান, সে ঘোষণা আগেই করেছিলেন মি. গগৈ। এটি তার শেষ রায় তাই তিনি এই ঘোষণা দিংয়ে একটি নজির সৃষ্টি করতে চান।
কট্টরপন্থী হিন্দুরা দাবি করেন বাবরি মসজিদের জায়গাতেই ভগবান রামের জন্ম হয়েছিল এবং একটি রামমন্দির ভেঙ্গে মোগল আমলে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯২ সালে কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার পর হিন্দু-মুসলিম দাঙ্গায় কমবেশি ২০০০ লোকের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি এবং ইন্ডিয়ান টাইমস
























