ঢাকায় জাতীয় নবান্ন উৎসব-১৪২২ : নবান্ন উপলক্ষে আজ ঢাকায় রয়েছে জাতীয় নবান্ন উৎসব-১৪২২। জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত নবান্ন উৎসব-১৪২২ উদ্যাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। সকাল ৭টা ১ মিনিট থেকে সকালের অনুষ্ঠানমালা শুরু হয়ে সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন পরিষদের চেয়ারপারসন লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালাম। উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আলকাপ, ধামাইলসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি, পিঠার আয়োজন।
কবি জীবনানন্দ দাশ লিখেছেন,
আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
কবির এই বাংলায় আজ সেই দিন ১ অগ্রহায়ণ, নবান্ন উৎসব। শস্যভিত্তিক এই লোক উৎসবে আজ মেতে উঠবে পুরো বাংলা। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে বাংলার কৃষকরা এই উৎসবটি পালন করে থাকে। বাড়ির আঙিনাগুলো আজ নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠবে। নতুন ধানের চাল দিয়ে তেরি হবে পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক ধরনের খাবার।
নবান্ন উপলক্ষে এই বাংলায় প্রচলিত আছে অনেক আচার অনুষ্ঠান। এখনও কুষ্টিয়ায় আখের গুড় ও নারকেল সহযোগে নতুন ধানের আতপ চালের ক্ষীর রান্না করে প্রতিবেশীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। উত্তরের জেলাগুলোতে জামাইকে নিমন্ত্রণ করে পিঠা-পায়েস খাওয়ানো হয়। নাইওর আনা হয় মেয়েকে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে কৃষকরা মইয়না শাইল ধানের চাল দিয়ে এই উৎসব পালন করে। নেত্রকোনার হাজংরা হাতিবান্দা ধান দিয়ে ও মান্দিরা মিদিম ধানের চাল দিয়ে নবান্ন করে। এছাড়াও শেরপুর অঞ্চলের কোচ জনগোষ্ঠী পুরাবিনি ধান দিয়ে নবান্ন উৎসব করে।
হেমন্তের প্রাণ হচ্ছে এই নবান্ন। গ্রামবাংলার প্রকৃতিতে এখন কুয়াশার খেলা, ভোরের আলো ফুটতেই জেগে উঠে চারিপাশ। কৃষকের ঘরে ঘরে আনন্দ। কারণ, গোলায় উঠছে পাকা ধান।
চিরায়ত বাংলার চিরচেনা রূপ এটি। যদিও অনেকের ক্ষেতে এখনও সোনারঙা ধানের ছড়াছড়ি। কিন্তু আমন ধান কাটার উৎসবটা শুরু হয়ে গেছে আরও আগেই। কৃষক রাশি রাশি সোনার ধান কেটে নিয়ে এসেছে ঘরে। ঢেঁকির তালে মুখর হচ্ছে বাড়ির আঙিনা।
কৃষকরা আজ নবান্নের আনন্দ ভাগাভাগি করে নেবেন পরিবারের সদস্যদের সঙ্গে। নবান্ন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বসবে মেলা। সে মেলা পরিণত হবে গ্রামবাংলার মিলন মেলায়।





















