আইনজীবী নিহতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিরা গ্রেপ্তার

গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী নিহতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রাব্বি ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে জেলার শ্রীপুর থেকে তাদের আটক করা হয়।
আটক রাব্বি নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে। গাজীপুর সদরের ভোড়দা এলাকায় সপরিবারে বাস করেন তিনি।
পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,  রোববার সকালে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। রাব্বি এনামুল হক বিপ্লব হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামি। এছাড়া এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাব্বির মাকেও আটক করা হয়েছে।
তিনি বলেন, রাব্বির মায়ের সঙ্গে নিহত বিপ্লবের অনৈতিক সম্পর্ক ছিল, যা দুই ছেলে মেনে নিতে পারেনি। এ কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীপুর থানার এসআই মো. জাকির হোসেন জানান,  রোববার সকালে রাব্বি জয়দেবপুর থেকে শ্রীপুরের ইজ্জতপুর এলাকায়  পৌঁছালে তার শরীরের রক্তমাখা পোশাকে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। তিনি বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে খন্দকার এনামুল হক বিপ্লবকে খুনের বিষয়টি স্বীকার করেছেন রাব্বি।
রাব্বি পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে তার মাকে টিজ করে আসছিল বিপ্লব। এ কারণে তিনি ওই আইনজীবীকে খুন করেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নিহত বিপ্লব তার বাসার সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাব্বি ও রবিন তাকে এলোপাতারিভাবে ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মারা যান বিপ্লব।
এ ঘটনায় নিহতের ভাই সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার আমিনুল হক টুটুল বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ