সারা দেশে বিএনপির ডাকা অবরোধ বা এ ধরনের কোনো কর্মসূচি বহাল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে যুক্তরাজ্যের নাগরিকদের সতর্কতা অবলম্বনের যে পরামর্শ দিয়েছে দেশটি, তাতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে যেহেতু বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট তাদের অবরোধ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেনি সেহেতু যে কোনো সময়ে শহরাঞ্চলে সহিংসতা হতে পারে।
সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝি এখনও শেষ হয়নি। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া অনেক আগেই উল্লেখ করেছেন, আমাদের আর কোনো কর্মসূচি নেই।
এই সংবাদ সম্মেলনে আমি আবারো বলছি, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে আর কোনো কর্মসূচি বহাল নেই। এখানে ‘কর্মসূচি’ বলতে হরতাল, অবরোধ এবং ধর্মঘট বোঝানো হচ্ছে।























