আর্থনিউজ২৪: অবমাননাকর ও হয়রানিমূলক স্ট্যাটাস বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তির পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ।
তারানা হালিম আরো বলেন,‘আমরা আশা করছি, এ বছরের ১৬ ডিসেম্বরই ডট বাংলা ডোমেইন চালু করা হবে। কিন্তু যদি এদিন বেশি কর্মসূচি থাকে তাহলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি আমরা এটি চালু করবো।’
তারানা হালিম বলেন, খুব দ্রুতই এই উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি উল্লেখ করেন ‘বিগত বিএনপি-জামায়াত সরকার ফেসবুকের সঙ্গে চুক্তির একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্টের ব্যাপারে দায়মুক্তি চাওয়ায় তারা চুক্তি করেনি। আমরা কনটেন্টের ব্যাপারে ফেসবুককে দায়মুক্তি দিয়ে মানুষকে হয়রানির হাত থেকে রক্ষার উদ্যোগ নিবো। একটি নারীর জীবনও আমরা বিপন্ন হতে দিব না।’
তারানা হালিম বিটিআরসিকে নকল হ্যান্ডসেট ও অবৈধ ভিওআইপি বিরোধী অভিযান চালু রাখার নির্দেশ দেন। মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য প্রতি সপ্তাহে একটি করে বৈঠকের কথাও জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিটিআরসির কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন,‘বিটিআরসি’র কর্মকর্তারা এমন কোনো কাজে যুক্ত হবেন না যাতে মন্ত্রণালয় ও এই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।’
বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি দু’টি প্রতিষ্ঠানের উদ্দেশ্য এক। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেয়া। আমাদের উদ্দেশ্য যেহেতু এক, তাই আমাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। বিটিআরসি একটি স্বাধীন কমিশন। এই কমিশনের স্বাতন্ত্র ও স্বাধীনতা যেন রক্ষা পায় আপনারা যেদিকে খেয়াল রাখবেন। যেহেতু আমরা রেগুলেটরি কমিশন, আমরা সুযোগ পেলে আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারব।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শওকত মোস্তফা ও বিটিআরসির সচিব সরওয়ার আলম।




















