বিপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিলো ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের। তবে হঠাৎ করেই বদলে গেলো সেই পরিকল্পনা। যুক্তরাষ্ট্র নয়, সাকিব গেলেন পাকিস্তানে, পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নিতে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করাচির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।
পিএসএল চলাকালীন বাংলাদেশের ইংল্যান্ড সিরিজ থাকায় সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে ছিলো শঙ্কা। নিলামেও সাকিবকে দলে ভেড়ায়নি কোনদল। তবে পিএসএলের শুরুর দিন সরাসরি চুক্তিতে তাকে দলে টেনেছে পেশোয়ার জালমি। ইংল্যান্ড সিরিজের জন্য পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাকিব। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল মাতাবেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার।
পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল সোমবারই মাঠে গড়িয়েছে পিএসএলের এবারের আসর। সাকিবের দল পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আজ। তবে করাচির বিপক্ষে এই ম্যাচে সাকিব মাঠে নামবেন কিনা টা এখনও জানা যায়নি।
























