১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নত দেশগুলোর চাইতেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা অনেকটা ভালো অবস্থানে আছি। ছয় শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।’
শনিবার ২৯ আগস্ট মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন ছাত্রাবাস ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘অনেকেই না বুঝে, না জেনে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করছে। করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে।’ মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়। একারণে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জজকোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদসহ অনেকে।
এর আগে, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমারাও সেই প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাবো।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ