২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লকডাউন ইস্যুতে পদত্যাগপত্র জমা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর, গ্রহণ করলেন না এরদোগান

গত শুক্রবার ৪৮ ঘণ্টার জন্য লকডাউন ঘোষণা করে তুরস্ক। অল্প সময়ের মধ্যে নোটিশ দিয়ে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন ঘোষণা করার জেরে দলে-দলে মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ির বাইরে প্রায় দৌড়াদৌড়ি শুরু করে। এই পরিস্থিতিতে রবিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। সে দেশের ৩১টি রাজ্যে লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, লকডাউন শুরুর স্বল্প সময় আগে ঘোষণাটি দেওয়ার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে দেশের হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে হুমড়ি খেয়েছে।

টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, আমার অভিজ্ঞতা বলছে- এ ধরনের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া ঠিক হবে না; কারণ এর দায়দায়িত্ব আমার কাঁধে এসে পড়বে। এই কারফিউ জারির ফল নেতিবাচক হলে এবং মহামারিটি ছড়িয়ে পড়লে তার দায় আমার কাঁধে চেপে আমার সব সম্মান বিলীন হয়ে যাবে।

তিনি আরো বলেন, আমি সম্মানের সঙ্গে যে দায়িত্ব পালন করছিলাম, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি। সৃষ্টিকর্তা আমাদের জাতিকে রক্ষা করুক।

কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। দুই সপ্তাহ আগে করোনায় সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগে দেশটির যোগাযোগমন্ত্রী মেহমেত কাহিত তুরহানকে সরিয়ে দেয়া হয়। খবর আলজাজিরার।

এদিকে তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৬ হাজার নয়শ ৫৬ জন এবং মারা গেছে এক হাজার একশ ৯৮ জন। প্রথম ঘটনাটি প্রকাশ্যে এসেছিল প্রায় একমাস আগে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ