ওয়ানডেতে নামার অপেক্ষায় ডু প্লেসি

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর গড়িয়ে গেছে অনেক সময়। মাঝে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বও হারিয়েছেন ফাফ ডু প্লেসি। কিন্তু ওয়ানডে দলে দেখা যায়নি তাকে। অবশেষে ভারত সফরের তিন ম্যাচের ওয়ানডে দিয়ে ৫০ ওভার ক্রিকেটে ফিরলেন ডানহাতি ব্যাটসম্যান। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন বিশ্রামে থাকা রাসি ফন ডের ডুসেন। আর স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে।

বিশ্বকাপ থেকেই বাজে সময় যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ব্যর্থতার বোঝা নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ডু প্লেসি। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয় কুইন্টন ডি কককে। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও ডু প্লেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারত সফরের স্কোয়াডে অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এরই মধ্যে ডি ককের নেতৃত্বে টি-টোয়েন্টি খেলেছেন ডু প্লেসি। এবার ওয়ানডেতে নামার অপেক্ষায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রথমবার ৫০ ওভারের স্কোয়াডে জায়গা পেলেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল ফন ডের ডুসেনকে।

ওয়ানডে দলের দরজা খুলেছে লিন্ডের। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট খেলা এই স্পিনার সুযোগ পেয়েছেন তাবরেজ শামসি ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায়। তার সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন কেশব মহারাজ।

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে চার বোলার- লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বুরান হেনড্রিকস ও আইনরিখ নর্কিয়া। কুঁচকির চোটের কারণে আগেই ছিটকে গেছেন কাগিসো রাবাদা।

ভারত সফরে দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে নামবে ১২ মার্চ। পরের দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, ফাফ ডু প্লেসি, কাইল ভেরেইন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফিকেয়াও, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বুরান হেনড্রিকস, আইনরিখ নর্কিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ