মার্কিন সেনাদের আঘাত করেনি ইরান!

শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে বাগদাদে মার্কিন বিমানঘাঁটিতে হামলার সময় সচেতনভাবে সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের আঘাত করেনি ইরান। হামলার পর পর্যালোচনায় এমনটিই মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান গোয়েন্দারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বুধবার জানায়, ইরান হয়তো এমনভাবে হামলা চালিয়েছে যাতে করে মার্কিন সেনারা আহত না হয়। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না। কিন্তু গত সপ্তাহে সোলাইমানি হত্যায় তারা যে পাল্টাঘাত করতে পারে সেটিরও ইঙ্গিত দিয়ে রাখা।

ওয়াশিংটনের একটি সূত্র জানায়, আল-আসাদ ও এরবিলের একটি স্থাপনায় হামলার পর সেখানে কোনও মার্কিন সেনা বা কর্মী হতাহতের খবর পাওয়া যায়নি। অপর এক কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনটি সূত্র মনে করে, মার্কিন সেনাদের হতাহত এড়াতেই ঘাঁটির একটি নির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছে ইরান। তাদের দাবি, এই পর্যালোচনা ইরানের পরিকল্পনার প্রকৃতি থেকেও নিশ্চিত করা হয়েছে।

একটি মার্কিন সূত্র বলেন, তারা জবাব দিতে চেয়েছে কিন্তু উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টাও করেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তেহরান নিজেদের আত্মরক্ষার জন্য পরিমিত পদক্ষেপ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান যুদ্ধ চায় না। সোলাইমানি হত্যার নির্দেশ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর টুইটারে প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘যা হচ্ছে সব ভালো’।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ